A Proud INDIBLOGGER Member

Saturday, March 5, 2011

                                                                           ভালোবাসি
                        প্রকৃতির সবুজতায় প্রজাপতির উন্মাদনা,
                         তোমার আঁচল,বাতাসে উড়ে যায়,
                           নির্মল বাতাস জাপটে ধরে মন,
                           ভালোবাসি  ভালোবাসার হৃদয়,
                               কালো মেঘের ঘনঘটা
                            বিছিন্ন বারি ধারায় বিছিন্নতা,
                              বাতাস থমকে হয় থমথমে-
                            সহস্র বৃষ্টির ফোঁটা জড়িয়ে ধরে,
                          ভালোবাসি ভালোবাসি ভালোবাসি-
                            আঁকড়ে ধরি অশ্বথের ঝুরি,
                             ডালপালা ঢেকে দেয় সত্যতা-
                             উষ্ণ আলিঙ্গন চোখের পাতায়,
                          ভালোবাসি ভালোবাসি-ভালোবাসি |

Saturday, January 8, 2011

SOBUJER KANNA

                                 
  

                সবুজের কান্না

                   চলেছে গাছের শব এর অন্তিম-যাত্রা,
                    নাঃ! নেই শ্মশান যাত্রী, নেই কান্না !
                     করাতের দাঁতের ধারে পরাস্ত
                   পাখিদের কলতান, অক্সিজেন ভরা বাতাস,
                     ক্লান্ত পথিকের বিশ্রাম, সবুজের সজীবতা|
                    সব শেষ! একটার পর একটা গাছের মৃত্যু|
                        মৃত্যু ! মৃত্যুর পর নতুন সেবায়,
                       গৃহের শোভা, দরজা-জানালার সুন্দরতা,
                 আসবাবপত্রে পালিশ এর জেল্লায় ফুটে ওঠবে আভিজাত্য !
                 আবারও মৃত গাছের টুকরোয় জ্বলেছে মৃত মানুষের শব|
                     কাঠকুড়োনীর নেই জ্বালানীর চিন্তা,
                    সভ্যতার সমাজে গড়ে উঠবে গগনচুম্বী ইমারত
                      আভিজাত্যের গন্ধে ধুঁকবে ক্লান্ত বাতাস,
                     নীড় হারা পাখিরা ফিরে যাবে গহন বনে,
                      সৃস্টির নেশায় ব্যস্ততার সভ্য সমাজ ;
                 ভুলে যাবে অতীতের বনবনানীর সবুজের কান্না |

                                                                              সুস্মিতা

Wednesday, October 13, 2010

                      উদ্বোধন
            পুজোমন্ডপ সেজেগুজে চকচকে পরিপাটি,
            ছোট্ট ছোট্ট আনন্দের আশায় পায়ে চটি,
          বোধন এর ক্ষণ এ সংকেতের ঢাকে কাঠি,
           শাঁখের ফু, চারিদিকের আনন্দমুখরিত মাটি,
          লাল ফিতের শক্ত বন্ধনে মা দূর্গা বন্দিনী,
         সেলিব্রিটির ঝলমলে উপস্থিতির সময় নেই বাকি,
             জমাট বাধা ভীড়ে এদিক ওদিক ছোটাছুটি,
           ঢাকের তালে তালে নাচছে মন্ডপের ঝাড়বাতি,
        ফিতে কাটলে হবেন মুক্ত বন্দিনী মায়ের বেটা-বেটি|
         হাজারো চোখের আলোয় ঝরবে আনন্দধারা খাঁটি|

                      সুস্মিতা বিশ্বাস
         (উপরের চিত্র এঁকেছেন সুস্মিতা বিশ্বাস)

Monday, October 4, 2010

                  
                            রজনীগন্ধার ডাকে জূঁইফুল
                        
                           তোমার উষ্ণতায় আমায় বাসবে কি ভালো,

                         কোনদিনই বুঝলেই না- ভালবাসি তাই বারেবার,

                        ইচ্ছেনদীর জলে সুখের অনুভূতির ঘ্রান,

                        উঁচু ঝরনার স্রোতে ঝরে পড়ে আবেগের আকুতি-

                        তুমিই আসবে আমারই সেই চেনা মাতাল গন্ধে,

                        মুগ্ধ দৃষ্টির আমন্ত্রনে কাছে কাছে হৃদয়ের স্পন্দন,

                        অতীব প্রেমরাগ গান শোনাবে সুরনদীর অন্তরে,

                        রজনীগন্ধার মিষ্টি আবেগে জূঁইফুল পথে পথে,

                        একটানা ইমন এর সুরে মুছে যাবে বেহাগ,

                        কালো মেঘেরা ছড়াবে রাশি রাশি জূঁই ফুলের ধারা|

                                                সুস্মিতা বিশ্বাস
       

Thursday, September 23, 2010

উমার মর্তে আগমন

        
       উমার মর্তে আগমন

শারদ প্রভাতে ঢাকের বাদ্যিরতালে নাচ,
কাশফুলের গালিচায় বাতাস দোল খায়,
পেঁজাতুলো মেঘের সারিতে মাতোয়ারা ভুবন,
ভোরের মোহময়ী শিউলির গন্ধ - আকাশে বাতাসে |
আলোর রোশনাই এ প্লাবিত পূজামণ্ডপ|
কাল ও ছিল ফুটপাত অন্ধকারে ঢাকা,
ঢাকা ছিল সব লজ্জাও-
জরাজীর্ন শরীর ঢাকা থাকেনা শতচ্ছিন্ন পোশাকে,
চাই একটুখানি অন্ধকার-কেবল রাতটুকু,
শীর্ন শরীর মানায় না যে, দাম্ভিক উগ্র আলোকে|
সকালের আলোয় লজ্জা ?
চেনা লজ্জার শীর্ণশরীরের জঠর জ্বালা,-ভিক্ষার পাত্র |
তাই! এই চারদিন আবার নতুনভাবে লজ্জা,
আলোয় আলোময় যে ফুটপাতের রাতটাও |

                  সুস্মিতা বিশ্বাস

Saturday, September 18, 2010

চলাচল

              চলাচল
যাদুকরের যাদুকরী বিষ্ময়-ইন্দ্রজাল !
জীবনের ফাঁকে গড়িয়ে গড়িয়ে বিকেল,
দুটি হাত বাড়ায় ছোট্ট অনুভুতির ছল,
পায় না ছোঁয়া দিগন্তে কলকোলাহল,
বিগত দিনের চাক্ষুষ পালাবদল-
নতুন আশায় ব্যস্ততার রদবদল |

অশনির ইঙ্গিত বৃষ্টির ধারায় ফাটল,
জলের ধারায় অসীম অনন্ত চলাচল,
গাছের ডালে পাখির বাসার জঙ্গল,
ডানায়-ডানায় আকাশের বুকে সকাল|

নতুনভাবে পৃথিবী আলোয়-আলোয় ঝলমল,
নেই কালো মেঘের গুরুগুরু অথবা  বাদল,
গুচ্ছ সুখ গড়িয়ে পড়ে এ গাল ও গাল,
যাদুকরী যাদুদন্ডে সুখের ভরাকোটাল |

             সুস্মিতা বিশ্বাস

Friday, August 20, 2010

আঁকিবুকি

আকাশ ভরা চাঁদের হাসি,

মনের অসুখ বাসি,

চলার পথে অসি,

গান শোনায় বাঁশের বাঁশি |


ভবের ঘরে চুরি,

খোলা ঘরে লুকোচুরি,

জলের তলায় পায়ের বেড়ি,

ভো-কাট্টা জীবন ঘুড়ি |


আঁকিবুকি কল্পনায় ভাবুক,

অভাবের ঘরে চাবুক,

তাই জড়িয়ে ধরে চিবুক,

নকল ভালবাসায় “গরল ভরা বুক” |


চলার পথে বাধার কাঁটা,

চুলের ভেতর জটা,

মুখে জিলিপির প্যাচ আঁটা,

ছিঃ!ছিঃ! চেহারায় মুখোশ ফাটা |